২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে তিন পার্বত্য জেলার মধ্যে পাসের হারে এগিয়ে রয়েছে বান্দরবান। এ জেলায় পাসের হার ৬৩ দশমিক ১২ শতাংশ। খাগড়াছড়িতে ৬০ দশমিক ৭৭ শতাংশ এবং রাঙামাটিতে ৫৬ দশমিক ৫৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

সোমবার (১০ আগস্ট) সকালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী ফলাফল ঘোষণা করেন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার চট্টগ্রাম মহানগরে পাসের হার ৮১ দশমিক ০৩ শতাংশ। মহানগর বাদে চট্টগ্রাম জেলার পাসের হার ৭১ দশমিক ২৯ শতাংশ এবং মহানগরসহ পুরো জেলার পাসের হার ৭৪ দশমিক ৯০ শতাংশ। এ ছাড়া কক্সবাজার জেলায় পাসের হার ৭০ দশমিক ৭৬ শতাংশ।

এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে সার্বিক পাসের হার দাঁড়িয়েছে ৫৯ দশমিক ৪৮ শতাংশ, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন। ২০২৫ সালে এ হার ছিল ৭২ দশমিক ০৭ শতাংশ। এর আগে ২০২৪ সালে ৮২ দশমিক ৮০ শতাংশ, ২০২৩ সালে ৭৮ দশমিক ২৯ শতাংশ এবং ২০২২ সালে ৮৭ দশমিক ৫৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল।

এবার বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৩৯৮ জন শিক্ষার্থী। ২০২৫ সালে জিপিএ-৫ পেয়েছিল ১১ হাজার ৮৪৩ জন, ২০২৪ সালে ১০ হাজার ৮২৩ জন, ২০২৩ সালে ১১ হাজার ৪৫০ জন এবং ২০২২ সালে ১৮ হাজার ৬৬৪ জন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার ২১৮টি কেন্দ্রে ১ হাজার ২১৮টি বিদ্যালয়ের ১ লাখ ৩০ হাজার ৬৮২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিল ১ লাখ ৩০ হাজার ২১৯ জন।

ছাত্রদের পাসের হার ৫৮ দশমিক ৮৬ শতাংশ এবং ছাত্রীদের ৬০ দশমিক ০৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ১২৩ জন ছাত্র ও ৫ হাজার ২৭৫ জন ছাত্রী।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার ২১টি বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। বিপরীতে আটটি বিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।

এছাড়া শূন্য থেকে ১০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে এমন বিদ্যালয়ের সংখ্যা ১০টি। ১১ থেকে ৫০ শতাংশ পাস করেছে ৪৬৮টি বিদ্যালয়ের শিক্ষার্থী এবং ৫১ থেকে ৯৯ শতাংশ পাস করেছে ৬৯৩টি বিদ্যালয়ের শিক্ষার্থী।