বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় পারিবারিক বিরোধের জেরে সৎ ভাইয়ের ছুরিকাঘাতে সোহেল বড়ুয়া (১৭) নামের এক কিশোর খুন হয়েছে। এ ঘটনায় ঘাতক সুপন বড়ুয়া (৩০)কে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের উত্তর ঘুমধুম বড়ুয়া পাড়ার শীলপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত সোহেল ও ঘাতক সুপন একই পিতার সন্তান।

স্থানীয়রা জানান, ঘটনার পর গুরুতর আহত অবস্থায় সোহেল বড়ুয়াকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. জাফর ইকবাল জানান, পারিবারিক বিরোধের জেরে সৎ ভাই সুপনের হাতে ছোট ভাই সোহেলের মৃত্যু হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, জনতার সহায়তায় ঘাতক সুপন বড়ুয়াকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে।