বান্দরবান বিশ্ববিদ্যালয়ের নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী। মঙ্গলবার (৪ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ অনুযায়ী ড. মুহিবউল্যাহ ছিদ্দিকীকে চার বছরের জন্য বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি চাইলে যে কোনো সময় এই নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা ভোগ করবেন।

ড. মুহিবউল্যাহ ছিদ্দিকীর গ্রামের বাড়ি কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালীতে। ব্যক্তি জীবনে তিনি চার সন্তানের জনক।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।