তৃতীয় বারের মতো সাঁতরে বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন রাঙামাটির দুর্গম উপজেলা লংগদুর সালাহ উদ্দিন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস সায়েন্স বিভাগের ১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৩২ মিনিটে কক্সবাজারের টেকনাফের শাহ পরীর দ্বীপের পশ্চিমপাড়া সৈকত থেকে সাঁতার শুরু করেন সালাহ উদ্দিন। ৪ ঘণ্টা ১৫ মিনিটে ১৬.১ কিলোমিটারের বাংলা চ্যানেল পাড়ি দিয়ে সেন্টমার্টিনের উত্তর সৈকতে শেষ করেন।
আয়োজকরা জানান, ১৮তম এ আসরের আয়োজন করে ষড়জ অ্যাডভেঞ্চার ও এক্সট্রিম বাংলা। ২০০৬ সালে থেকে এ আসরের আয়োজন হয়ে আসছে বাংলাদেশে। ১৮তম আসরে দুজন নারীসহ ৪২ জন সাঁতারু অংশ নিয়েছেন। অংশগ্রহণকারীদের মধ্যে একজন ভারতীয় নাগরিকও রয়েছেন।
বাংলা চ্যানেল পাড়ি দেয়ার অনুভূতি জানাতে গিয়ে সালাহ উদ্দিন বলেন আমি ছোট বেলা থেকেই কাপ্তাই লেকে সাঁতার কেটে বেড়ে উঠেছি। আমার মূল ইভেন্ট সাঁতার। স্কুল পর্যায় থেকেই সাঁতার কেটে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আসছি।
২০১৭ সাল থেকেই স্বপ্ন ছিল কোনো এক দিন আমিও বাংলা চ্যানেল পাড়ি দিব। সেই লক্ষে ৫ বছর ধরে স্বপ্ন বাস্তবায়ন করতে নিজেকে প্রস্তুত করছি।
-পার্বত্য সময়

