খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে কর্তন নিষিদ্ধ গোদা গাছের বিপুল পরিমাণ কাঠ উদ্ধার করা হয়েছে।

রোববার (১ মার্চ) বাংলাদেশ সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, দীঘিনালার বেতছড়ি আর্মি চেকপোস্টে দুটি চাঁদের গাড়িতে তল্লাশি চালিয়ে এসব কাঠ জব্দ করা হয়।

বিবৃতিতে বলা হয়, সেনা অভিযানে ১৩৫ টুকরো গোদা কাঠ উদ্ধার করা হয়। জব্দ করা কাঠের মোট পরিমাণ প্রায় ১৫০ দশমিক ৬৬ ঘনফুট, যার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ২৬ হাজার ৪০০ টাকা।

প্রাথমিক তদন্তে জানা গেছে, কাঠগুলো বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা এলাকা থেকে অবৈধভাবে সংগ্রহ করা হয়েছিল। পরে সেগুলো দীঘিনালার মেরুইউনিয়নের হাজাছড়া এলাকা হয়ে পাচারের উদ্দেশ্যে খাগড়াছড়ি শহরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল।

অভিযান শেষে উদ্ধারকৃত কাঠ বন বিভাগ–এর মেরুং রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে হস্তান্তর করা হয়। মেরুং রেঞ্জ কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, কাঠ পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অজ্ঞাতনামা আসামি করে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, নির্বিচারে বন উজাড় ও অতিরিক্ত কাঠ আহরণের ফলে গোদা গাছ নিজ আবাসস্থলে মারাত্মকভাবে বিপন্ন হয়ে পড়েছে। এ কারণেই সরকার ২০১৭–১৮ সালের দিকে এই প্রজাতির গাছ কাটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে।

গোদা গাছের কাঠ হলদে-বাদামি রঙের, শক্ত, ভারী ও টেকসই হওয়ায় ঘরবাড়ির খুঁটি, বিম এবং বিভিন্ন কৃষি সরঞ্জাম তৈরিতে এর ব্যবহার প্রচলিত ছিল। তবে বর্তমানে এটি সংরক্ষিত ও কর্তন নিষিদ্ধ প্রজাতির তালিকাভুক্ত।