বান্দরবানের পার্শ্ববর্তী রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলার দুর্গম বড়থলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতুমং মারমা হত্যা মামলার ৪ জন এজাহারভুক্ত আসামিকে আটক করেছে পুলিশ। রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকা থেকে গত সোমবার দিনগত রাত ১২টা ১০ মিনিটে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সাধু চন্দ্র ত্রিপুরা (৫৩) ওয়াইভার ত্রিপুরা (৫০), সত্য চন্দ্র ত্রিপুরা (৫৯)ও সুজন ত্রিপুরা (৫৭)। আটককৃতরা সবাই বড়থলি ইউনিয়নের স্থায়ী বাসিন্দা।
এ বিষয়ে বিলাইছড়ি থানার ওসি মো. আকতার হোসেন বলেন, গ্রেপ্তারকৃত চারজন বিলাইছড়ি উপজেলার দুর্গম বড়থলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতুমং মারমার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। সোমবার তাদেরকে রাঙামাটি কোর্টে প্রেরণ করা হয়েছে।
প্রসঙ্গত, ২৩ মে বিলাইছড়ি উপজেলার দুর্গম বড়থলি ইউনিয়নের বড়থলি মারমা পাড়ায় চেয়ারম্যান আতুমং মারমা তাঁর চাচার বাড়িতে গেলে অর্তকিতে আতুমং মারমাকে এলোপাতাড়ি গুলি করা হয়। পরে বাড়ির লোকজন ও স্থানীয়রা ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এতে শরীরের বিভিন্নস্থানে গুলিবিদ্ধ হন তিনি।
তাকে প্রথমে পাশের জেলা বান্দরবানের রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়া হয়।
দীর্ঘ ৯ দিন চিকিৎসার পর গত ৩০ মে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মধ্যরাতে মারা যান চেয়ারম্যান আতুমং মারমা। গত ৩১ মে রাতে বিলাইছড়ি থানায় তার ভাই ক্যচিং মং মারমা বাদী হয়ে মামলা করেন। এই মামলায় গ্রেফতারকৃত ৪ জনসহ ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১০/১২ জনকে আসামী করেন তিনি।
রাঙামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহেদুল ইসলাম বলেন,বড়থলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতুমং মারমার হত্যা মামলার ৪জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রাঙামাটি শহরের একটি আসাসিক হোটেল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
-পার্বত্য সময়

