বড়ুয়া জনগোষ্ঠীর সদস্যরা বৈষম্যের শিকার বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলায় বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর সাথে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
রোববার (৪ মে) দুপুরে রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলায় বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর সদস্যরা উপস্থিত থেকে তাদের সু-চিন্তিত মতামত রাঙ্গামাটি জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের নিকট উপস্থাপন করেন।
রাঙ্গামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ বলেন, বিগত ৫৩ বছরের ভিতর রাঙ্গামাটি পার্বত্য জেলায় বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর সাথে জেলা প্রশাসনের বৈঠক বা কোন ধরনের আলোচনা না করার বিষয়ট অত্যন্ত দুঃজনক।
তিনি আরো বলেন, জনশুমারি ও গৃহগণনা ২০২২ এ শুমারি সম্পর্কিত অধিকতর তথ্য-উপাত্ত আলাদাভাবে বাঙ্গালী বৌদ্ধ “বড়ুয়া” জনগোষ্ঠীর পরিচিতি সংযুক্ত করার আবেদন যুক্তিযুক্ত। গত ২৮ এপ্রিল সোমবার রাঙ্গামাটি পার্বত্য জেলায় বসবাসকারী বড়ুয়া জনগোষ্ঠীর সদস্যরা যে আবেদন করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে সেই আবেদনপত্র আমরা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর মহাপরিচালক বরাবর পাঠিয়েছি।
জেলা প্রশাসক বলেন, বড়ুয়া জনগোষ্ঠীর সদস্যরা বৈষম্যের শিকার এটা সত্য কথা। এখন থেকে সরকার ও স্থানীয় প্রশাসনের সাথে বড়ুয়া জনগোষ্ঠী সদস্যরা নিয়মিত যোগাযোগের মাধ্যমে দুরত্ব কমিয়ে আনার পরামর্শ দেন তিনি।
তিনি বলেন, এখন থেকে সরকারি নিয়মের ভিতর থেকে নিয়মতান্ত্রিকভাবে রাঙামাটি জেলা প্রশাসন রাঙ্গামাটি জেলায় বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর উন্নয়নে পাশে থাকবে।

-পার্বত্য সময়