বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সারা দেশে ক্রিকেটের পরিসর বাড়াতে রাজশাহী, বরিশাল ও বান্দরবানের মাঠে ২৫টিরও বেশি পিচ তৈরির সিদ্ধান্ত নিয়েছে।
শনিবার (৯ আগস্ট) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রায় ৬ ঘণ্টার দীর্ঘ বোর্ড সভা শেষে বিসিবির মিডিয়া বিভাগের প্রধান ইফতেখার রহমান এ তথ্য জানান।
তার মতে, বান্দরবান ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন মাঠে ২-৩টি টার্ফ ও কংক্রিট পিচ তৈরি করা হবে।
বরিশালের কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামে ৮টি প্র্যাকটিস পিচ ও ২টি সেন্টার উইকেটের নির্মাণকাজ শুরু হবে এবং বাজেট অনুমোদনও সম্পন্ন হয়েছে।
রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে ১৬টি প্র্যাকটিস পিচ, পানি নিষ্কাশন ব্যবস্থা এবং নাইলন নেট স্থাপন করা হবে। এখানেও বাজেট অনুমোদন হয়েছে, শিগগিরই কাজ শুরু হবে।
বিসিবি জানিয়েছে, এসব অবকাঠামো উন্নয়ন দেশের বিভিন্ন অঞ্চলে ক্রিকেটার তৈরির সুযোগ বাড়াবে এবং ঘরোয়া ক্রিকেটের মানোন্নয়নে সহায়তা করবে।

-পার্বত্য সময়