মিয়ানমারে সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ আর্থিক অনুদান প্রদান করেছে। এসময় মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিয়াও সোয়ে মো'র কাছে বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের নানা সমস্যার কথা তুলে ধরেন উপ-সংঘরাজ প্রজ্ঞানন্দ মহাথের।
শনিবার (২৬ এপ্রিল) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পার্বত্য ভিক্ষু সংঘের সদস্য ভিক্ষু, উপাসক ও উপাসিকাদের ব্যক্তিগত অনুদানে সংগৃহীত মোট ১৪ লাখ টাকা মিয়ানমার সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। 
গত ২১ এপ্রিল পার্বত্য ভিক্ষু সংঘের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিয়াও সোয়ে মো'র হাতে এই আর্থিক সহায়তা তুলে দেন। একইসঙ্গে, ভূমিকম্পে নিহত ও আহতদের প্রতি গভীর শোক প্রকাশ করে একটি শোকপত্রও প্রদান করা হয়।
প্রতিনিধি দলে নেতৃত্ব দেন সংঘের সভাপতি উপ-সংঘরাজ প্রজ্ঞানন্দ মহাথের। তার সঙ্গে ছিলেন সাধারণ সম্পাদক প্রজ্ঞা জ্যোতি মহাথের, সহ-সভাপতি লোকমিত্র থের, যুগ্ম সাধারণ সম্পাদক সম্বোধি মহাথের, শিক্ষা সম্পাদক প্রজ্ঞালোক মহাথের, প্রচার ও প্রকাশনা সম্পাদক সংঘরত্ন মহাথের, দপ্তর সম্পাদক করুণ বংশ থের এবং দেবরত্ন থের প্রমুখ।
আলোচনায় উপ-সংঘরাজ প্রজ্ঞানন্দ মহাথের বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের নানা সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে ত্রিপিটক অধ্যয়নের জন্য পর্যাপ্ত বিদ্যালয় সংকট, গুণগত মানসম্পন্ন বৌদ্ধ ধর্মগ্রন্থের অভাব এবং ধ্যানকেন্দ্র স্থাপনের প্রয়োজনীয়তার বিষয়টি তিনি জোর দিয়ে উল্লেখ করেন। এ বিষয়ে তিনি মিয়ানমার রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন, বিশেষত মিয়ানমারে মুদ্রিত ত্রিপিটক গ্রন্থ বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের জন্য সহজলভ্য করার ব্যাপারে।
রাষ্ট্রদূত ইউ কিয়াও সোয়ে মো বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের এই মহানুভবতায় কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উত্থাপিত বিষয়গুলোতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি মিয়ানমার ও বাংলাদেশের বৌদ্ধ জনগোষ্ঠীর মধ্যে বিদ্যমান ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের কথাও স্মরণ করিয়ে দেন।

-পার্বত্য সময়