রাঙামাটিতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত জানাজার সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে রাঙামাটিবাসী এই জানাজায় অংশ নেন।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত এ জানাজায় শত শত সাধারণ মানুষ ও বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

জেলা বিএনপি সূত্রে জানানো হয়, ঢাকায় অনুষ্ঠিত জানাজা এলইডি টিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। টিভি পর্দায় সম্প্রসারিত জানাজার সঙ্গে একাত্ম হয়ে রাঙামাটির মানুষ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় জানাজাস্থলে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষ প্রয়াত নেত্রীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।