বাঙালি যুবককে পিটিয়ে হত্যার পর চোর সাজানোর প্রতিবাদে উপজাতিদের সাথে স্থানীয় বাঙালিদের সংঘর্ষ ছড়িয়ে পড়ে পুরো পার্বত্য অঞ্চলে। খাগড়াছড়ির বর্তমান পরিস্থিতি শান্ত থাকার কারণে শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে জারি করা ১৪৪ ধারা তুলে নিয়েছে প্রশাসন। তবে এখনও ভয় ও শঙ্কা কাটেনি জেলার মাটিরাঙ্গা উপজেলার গোমতি বাজার এলাকায় বসবাসরত বাঙালি পরিবারগুলোর।
জানা যায়, বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) খাগড়াছড়ি সদর এলাকায় সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) সমর্থিতদের মধ্যে উত্তেজনা চলাকালীন গোমতি ইউনিয়নের কেয়াপাড়া এলাকার সুজন ত্রিপুরা (১৯) নামক এক যুবক গুলিবিদ্ধ হয়ে আহত হয় এবং বর্তমানে সে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে আছেন। এই ঘটনাকে কেন্দ্র করে সশনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (মূল) হতে ঐ এলাকায় বসবাসকারী উপজাতিদের, বিশেষ করে মহিলা ও বাচ্চাদের সরে গিয়ে উপজাতি অধ্যুষিত বৈধ্যমনিপাড়া ও ভাইবোনছড়া এলাকায় যেতে বলা হয়। জানা যায়, কয়েকটি উপজাতি পরিবার ইতোমধ্যেই সরে গিয়ে ওই এলাকায় গিয়েছে বলেও জানা যায়। এ পরিপেক্ষিতে গোমতি বাজার এলাকায় বসবাসকারী বাঙালিদের মধ্যে আতঙ্ক ও ভয় বিরাজ করছে।
তবে বাঙালিদের মধ্যে বিরাজমান ভয় ও আতঙ্ক দূর করার কোনো পদক্ষেপ নেই। তারা নিজ উদ্যোগেই চলমান বিবদমান অবস্থার প্রেক্ষাপটে আত্মরক্ষার্থে ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করছে। এছাড়া গোমতি ইউনিয়নের চারটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলিচন্দ্রপাড়া, বান্দরপাড়া, বিকে পাড়া ও গোমতি বিকে উচ্চ বিদ্যালয় এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনী টহল চালু করার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছে স্থানীয় বাঙালিরা।
-পার্বত্য সময়

