বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে অস্ত্রসহ একজন রোহিঙ্গা নাগরিকসহ দুইজনকে আটক করেছে।

শনিবার (১১ এপ্রিল) রাতে উপজেলার সদর ইউনিয়নের বাগগুনা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি ৯ মিলিমিটার পিস্তল ও ৪২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

আটকরা হলেন- ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক এফ-১-এর বাসিন্দা মো. ফারুক এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা মো. নুরুল আলম।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল বাগগুনা এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় এক সন্দেহভাজনকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চাকঢালা বাজার এলাকায় আরেকটি অভিযান চালিয়ে নুরুল আলমকে আটক করা হয়।

আটক দুইজনকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক জানান, আটক ব্যক্তিদের থানায় আনার পর বিস্তারিত জানা যাবে।