বান্দরবানের থানচি উপজেলা এলাকায় অভিযান চালিয়ে পপি ও গাঁজার ক্ষেত ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি জুম ঘর থেকে অস্ত্র-গোলাবারুদ ও আফিমের কষসহ বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহল দল উপজেলার রেমাক্রী ইউনিয়ন এর বুলুপাড়া বিওপির আওতাধীন প্রায় চার কিলোমিটার দক্ষিণে অ্যামংচং এলাকায় অভিযান চালায়। অভিযানে সেখানে থাকা প্রায় ৩০ শতক জমির পপিক্ষেত এবং ২০ শতক জমির গাঁজাক্ষেত ধ্বংস করা হয়।
অভিযান চলাকালে ক্ষেতের পাশে থাকা একটি জুম ঘর তল্লাশি করে লাইসেন্সবিহীন একটি গাঁদা বন্দুক, চার রাউন্ড সিসার গুলি, প্রায় ১০ থেকে ১৫ গ্রাম বারুদ, ৫০০ গ্রাম আফিমের কষ এবং দুটি কমব্যাট রেইনকোট উদ্ধার করে বিজিবি।
পরে বিজিবির আরেকটি টহল দল একই ইউনিয়নের লিকড়ী বিওপির আওতাধীন প্রায় দেড় থেকে দুই কিলোমিটার দক্ষিণে ক্রাইক্ষ্যং ঝিরি এলাকায় অভিযান চালিয়ে আরও প্রায় এক একর জমির পপিক্ষেত ধ্বংস করে।
সূত্র জানায়, ধ্বংস করা পপিক্ষেত থেকে প্রক্রিয়াজাত করার পর আনুমানিক ৬৫ কেজি আফিম উৎপাদিত হতে পারত। যার বাজারমূল্য প্রায় ৪৮ লাখ ৭৫ হাজার টাকা বলে ধারণা করা হচ্ছে।


