বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অবৈধভাবে জ্বালানি তেল মজুত, পাচার ও কালোবাজারি প্রতিরোধে অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবিরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার বেড়ে যাওয়ায় তা নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন, উপজেলা প্রশাসন ও পুলিশের সমন্বয়ে বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের অংশ হিসেবে বুধবার সকালে সংশ্লিষ্ট তেল পাম্প, দোকান, গুদামঘর ও সন্দেহভাজন স্থানে তল্লাশি চালানো হয়।

লেফটেন্যান্ট কর্নেল ফয়জুল কবির বলেন, অবৈধ জ্বালানি তেল মজুত ও পাচার দেশের অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তার জন্য বড় হুমকি। এসব অপরাধ দমনে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় এ ধরনের অপরাধ প্রতিরোধে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি কোনো সন্দেহজনক কার্যক্রম দেখা গেলে নিকটস্থ বিজিবি ক্যাম্পকে জানানোর জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

এদিকে স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহল এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, নিয়মিত নজরদারি অব্যাহত থাকলে অবৈধ মজুত ও কালোবাজারি অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।