রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম পার্বত্য এলাকা দোপানীছড়া পাড়ায় সুপেয় পানির সংকট দূর করতে ১ হাজার ফুট পানির পাইপ সরবরাহ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১১ এপ্রিল) বিজিবির ৯ রুমা ব্যাটালিয়নের পক্ষ থেকে এই সহায়তা প্রদান করা হয়।
দোপানীছড়া বিওপির কমান্ডার ক্যাপ্টেন সামীন আবিদ শান্ত পাইপগুলো পাড়াবাসীর হাতে তুলে দেন। এ সময় বিজিবি সদস্য ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
রুমা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ বি এম শাহ্ রেজা জানান, দীর্ঘদিন ধরে এই দুর্গম এলাকার মানুষ সুপেয় পানির অভাবে ভুগছিলেন। গত জানুয়ারিতে বান্দরবান সেক্টর কমান্ডার কর্নেল মাহমুদুল হাসান দোপানীছড়া পরিদর্শনে গেলে স্থানীয়রা তাদের কষ্টের কথা জানান।
মানবিক আবেদন বিবেচনায় নিয়ে সেক্টর কমান্ডারের নির্দেশে বিজিবির উদ্যোগে সরবরাহ করা হয় এক হাজার ফুট পানির পাইপ। এতে পাহাড়ি জনগোষ্ঠীর সুপেয় পানির কষ্ট কিছুটা হলেও লাঘব হবে বলে মনে করছেন স্থানীয়রা।
-পার্বত্য সময়


