রাঙামাটির বাঘাইছড়িতে আবারও চোরাচালান বিরোধী অভিযানে সফলতা পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধিনায়কের নির্দেশক্রমে সকাল ১১ টার দিকে রিভারঘাট পোস্টের হাবিলদার সমরেন্দ্র সিংহ এর নেতৃত্বে একটি টহল দল বাঘাইছড়ি উপজেলাধীন মডেল টাউন এলাকায় অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে বিজিবি টহল দল মালিকবিহীন অবস্থায় অবৈধ ৪৬ দশমিক ২৭ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত কাঠের সিজার মূল্য দুই লাখ টাকার বেশি।

মারিশ্যা জোন (২৭ বিজিবি) কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, মারিশ্যা জোন এর দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। চোরাকারবারীরা বিভিন্ন অভিনব পদ্ধতিতে তৎপরতা বৃদ্ধি করায় আমরা গোয়েন্দা তৎপরতা ও টহল কার্যক্রম আরও জোরদার করেছি।

চোরাচালান দমন কার্যক্রমে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।