বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে এক সফল অভিযানে ২০টি বার্মিজ গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৬ এপ্রিল) সকালে ১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েসের নির্দেশনায় নিয়মিত টহল দল হাতিরডিভা সীমান্ত এলাকায় এ অভিযান চালায়।
বিজিবির এক কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত সড়কের পাশে নজরদারি বাড়ানো হয়। অভিযানের সময় চোরাকারবারিরা গরুগুলো ফেলে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে গরুগুলো জব্দ করে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সিজার ফরম প্রস্তুত করা হয়েছে।
তিনি আরও জানান, এসব গরু যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে কাস্টমসের মাধ্যমে নিলামে বিক্রির ব্যবস্থা নেওয়া হবে।
বিজিবি সূত্র জানিয়েছে, সীমান্ত এলাকায় বার্মিজ গরুর চোরাচালান সম্প্রতি বেড়ে গেছে। এ কারণে সীমান্তে টহল জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান আরও বাড়ানো হবে।
বিজিবি কর্মকর্তারা মনে করছেন, সীমান্তে এমন অভিযান কেবল চোরাচালান রোধেই নয়, বরং পুরো সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিয়মিত এসব অভিযান চলমান থাকবে বলেও তারা জানিয়েছেন।
সীমান্তে নিরাপত্তা জোরদার এবং চোরাচালান রোধে বিজিবির এই ভূমিকা স্থানীয়দের কাছেও প্রশংসিত হচ্ছে।
-পার্বত্য সময়


