কক্সবাজার ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে টানা অভিযানে বিপুল পরিমাণ মাদক, অস্ত্র ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত দুই মাসে পরিচালিত এসব অভিযানে ১৮৮ জনকে আটক করা হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার শহরের উর্মি বিজিবি গেস্ট হাউসের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য জানান রামু সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। সভায় কক্সবাজারের বিভিন্ন গণমাধ্যমকর্মী ও বিজিবির বিভিন্ন ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্নেল মহিউদ্দিন জানান, ১৫ জুলাই থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত টানা অভিযানে বিজিবি ২৮ লাখের বেশি ইয়াবা, ৮১৬ কেজি ক্রিস্টাল মেথ, আড়াই হাজার কেজির বেশি গাঁজা, বিয়ার ও বাংলা মদসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে। এসব মাদকের আনুমানিক বাজারমূল্য দাঁড়ায় প্রায় ৮৮ কোটি টাকার বেশি। একই সময়ে সীমান্ত থেকে উদ্ধার করা হয় আধুনিক ও দেশি আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ। এর মধ্যে রয়েছে একে-৪৭ রাইফেল, এসএলআর, জি-৩ রাইফেল, এমএ-১ ও এলএম-১৬সহ বিদেশি পিস্তল, রিভলভার, একনলা ও দোনলা বন্দুক এবং হ্যান্ড গ্রেনেড। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের মূল্য ধরা হয়েছে প্রায় ২২ লাখ টাকার বেশি।
এ ছাড়া দুই মাসে সীমান্ত থেকে ২২৬টি বার্মিজ গরু এবং বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ১০ কোটি টাকার মতো। বিজিবি জানায়, এসব অভিযানে ১৪৭টি পৃথক অপারেশন পরিচালিত হয়েছে।
রামু সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন বলেন, মিয়ানমার সীমান্ত ঘেঁষা কক্সবাজার ও বান্দরবানে বিজিবির সদস্যরা সবসময় সতর্ক অবস্থায় রয়েছে। সীমান্ত সুরক্ষা, মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
-পার্বত্য সময়


