পার্বত্য চট্টগ্রামের তিনটি সংসদীয় আসনের ৩৬৭টি ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে মোট ৪৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন থাকবে।

বুধবার (২৮ জানুয়ারি) সকালে রাঙামাটির বরকল উপজেলার দুর্গম হরিণা এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিজিবি হরিণা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী।

তিনি বলেন, নির্বাচনকে ঘিরে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এই সময় কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচারসহ সীমান্ত-সংশ্লিষ্ট অপরাধ যাতে নির্বাচন প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলতে না পারে, সে লক্ষ্যে বিজিবি অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

এছাড়া সীমান্ত এলাকায় নিয়মিত টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম বাড়িয়ে সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ করা হচ্ছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।