খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সীমান্তবর্তী তং পাড়া এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ইউপিডিএফ (প্রসীত) এর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। 
রোববার (২০ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে স্থানীয় সূত্র।
ঘটনার পর অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে দুইটি রাইফেল, একটি পিস্তল, একটি শর্টগান, ১৬ রাউন্ড গুলি ও ইউপিডিএফ সদস্যদের ফেলে যাওয়া বিভিন্ন সামরিক সরঞ্জাম উদ্ধার করেছে বিজিবি। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
বিজিবির যামিনী পাড়া জোন ও স্থানীয় সূত্র জানায়, টহলরত বিজিবির একটি দল তং পাড়া এলাকায় ইউপিডিএফ মূল সংগঠনের সশস্ত্র সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। কিছুক্ষণ পর সশস্ত্র ইউপিডিএফ সদস্যরা পালিয়ে যায়।
পরে বিজিবি এলাকাজুড়ে তল্লাশি অভিযান চালায় এবং অস্ত্র ও গোলাবারুদসহ সরঞ্জামাদি উদ্ধার করে। সূত্র জানিয়েছে, ঘটনাটি নিয়ে বিকেলে একটি ব্রিফিংয়ের আয়োজন করা হবে।

-পার্বত্য সময়