পার্বত্য চট্টগ্রামে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব কঠিন চীবরদান উদ্যাপন না করার ঘোষণার পর বৌদ্ধ ভিক্ষুদের সঙ্গে বৈঠক করেছে রাঙামাটি জেলা প্রশাসন। বৈঠকে উৎসব উদ্যাপনে প্রশাসনের পক্ষ থেকে পূর্ণ নিরাপত্তার আশ্বাস দেওয়া হলেও ভিক্ষুরা এ চীবরদান অনুষ্ঠান না করার সিদ্ধান্ত কথা জানিয়েছেন।
সোমবার (৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয় কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এদিকে জেলা প্রশাসনের বৈঠকের পর দুপুর সাড়ে ১২টার দিকে বিভিন্ন বৌদ্ধবিহার পরিচালনা কমিটি, রাজনৈতিক দল এবং সামরিক-বেসামরিক কর্মকর্তাদের সঙ্গেও বৌদ্ধ ভিক্ষুদের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানেও বৌদ্ধ ভিক্ষুদের কঠিন চীবরদান উদ্যাপন না করার সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ জানানো হয়।
পার্বত্য চট্টগ্রামের বিদ্যমান পরিস্থিতি ও নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে এ বছর পার্বত্য চট্টগ্রামে (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবরদান উদ্যাপন না করার ঘোষণা দেয় পার্বত্য চট্টগ্রাম সম্মিলিত ভিক্ষু সংঘ। রোববার (৬ অক্টোবর) রাঙামাটি শহরের মৈত্রী বৌদ্ধবিহারের দেশনালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। এরপর এ বিষয়ে জরুরি বৈঠক ডাকে জেলা প্রশাসন।
-পার্বত্য সময়


