চাকমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তিন দিনব্যাপী বিজু উৎসব রোববার (১২ এপ্রিল) ভোর থেকে শুরু হয়েছে। নদী, ছড়া ও ঝরনায় ফুল ভাসানোর মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়।

উৎসবের প্রথম দিন ‘ফুল বিজু’ নামে পরিচিত। এদিন পূজা-অর্চনার পাশাপাশি ঘরবাড়ি পরিষ্কার ও সাজসজ্জা করা হয়। ফুল ভাসিয়ে সুন্দর ও শান্তিময় পৃথিবীর কামনা করেন নারী-পুরুষ ও শিশুরা। নারীরা ঐতিহ্যবাহী পিনন-হাদি এবং পুরুষেরা ধুতি পরে উৎসবে অংশ নেন।

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার রাবার ড্যাম এলাকায় চেঙ্গী নদীতে ভোর থেকেই ফুল ভাসাতে ভিড় করেন স্থানীয় চাকমা জনগোষ্ঠীর মানুষ।

উৎসবে অংশ নেওয়া চাকমা তরুণীরা বলেন, বন্ধুদের সঙ্গে ফুল ভাসিয়ে আমরা আগামী দিনের সুখ-শান্তি কামনা করেছি। সারা বছর এই দিনের অপেক্ষায় থাকি।

উল্টাছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুব্রত চাকমা বলেন, “বিজু শুধু উৎসব নয়, এটি আনন্দ, মিলন আর ভ্রাতৃত্বের প্রতীক।”

বাংলা বছরের শেষ দুই দিন এবং নতুন বছরের প্রথম দিন মিলিয়ে বিজু উদ্‌যাপন করা হয়। প্রথম দিন ‘ফুল বিজু’, দ্বিতীয় দিন ‘মূল বিজু’ এবং তৃতীয় দিন ‘গোজ্যেপোজ্যে দিন’ হিসেবে পালিত হয়। এই তিন দিনে পূজা, আপ্যায়ন, ঐতিহ্যবাহী খাবার আয়োজন এবং বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ নেওয়ার মধ্য দিয়ে উৎসব সম্পন্ন হয়।