খাগড়াছড়িতে  ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট- ইউপিডিএফ (মূল) এর ডাকা সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ সড়ক অবরোধ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
এর আগে বুধবার (৩০ অক্টোবর)  খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ (গণত্রান্ত্রিক) এর কর্মীদের গুলিতে প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ (মূল) এর ৩ কর্মী নিহতের প্রতিবাদে খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়কপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করে 'মূল' সংগঠনটি।
অবরোধের কারণে জেলা শহরের সঙ্গে দূরপাল্লার সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। একই সঙ্গে বন্ধ রয়েছে জেলার অভ্যন্তরীণ সড়কের যান চলাচল।
সরেজমিনে দেখা যায়, বিভিন্ন স্থানে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে পিকেটিং করছে অবরোধ সমর্থকরা। তবে জেলা শহর ও বিভিন্ন উপজেলা শহরে সীমিত পরিসরে ইজিবাইক ও মোটরসাইকেলসহ ছোট যানবাহন চলাচল করতে দেখা গেছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছেড়ে আসা নৈশ কোচগুলো ভোরে শহরে প্রবেশ করেছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সহকারী পুলিশ সুপার আবু জাফর মোহাম্মদ সালেহ বলেন, সড়ক অবরোধ চলাকালে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে খাগড়াছড়ি জেলা সদর ছাড়াও বিভিন্ন উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, নিহতরা হলেন-মন্যা চাকমা সিজন (৫০), খরকসেন ত্রিপুরা শাসন (৩৫) ও পরান্টু চাকমা জয়েন চাকমা (২২)। ইউপিডিএফের সংগঠক অংগ্য মারমার দাবি,  তারা ঘটনাস্থলে নিহত হয়েছে। নিহত সিজন লতিবান ইউনিয়নের  ৬নং ওয়ার্ডের মৃত নন্দ মনি চাকমার ছেলে এবং ইউপিডিএফ'র চিফ কালেকটরের দায়িত্বে ছিলেন। সংগঠনটির কালেক্টর নিহত শাসন খাগড়াছড়ি সদরের ভাইবোনছড়া ইউনিয়নের কানচরন ত্রিপুরার ছেলে। একই এলাকার মৃত আলো রঞ্জন চাকমার ছেলে নিহত পরান্টু চাকমা জয়েনও কালেক্টর হিসেবে নিয়োজিত ছিলেন।

-পার্বত্য সময়