কাপ্তাইয়ের ৩নং চিৎমরম বৌদ্ধ বিহারে ধর্মীয় প্রার্থনার সময় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন পাহাড়ের জনপ্রিয় ব্লগার পাইশিখই মারমা (২৩)। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টার দিকে চট্টগ্রাম থেকে স্ত্রীসহ বিহারে এসেছিলেন তিনি। তখনই সশস্ত্র সন্ত্রাসীদের একটি দল তার ওপর হামলা চালায়।
সূত্রে জানা গেছে, সন্ত্রাসীরা পাইশিখইকে অপহরণ করতে চেষ্টা চালায়। এক পর্যায়ে পাইশিখইয়ের মাথায় আঘাত করে গুরুতর আহত করে। এদিকে খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে। বিজিবির গাড়ি দেখে সন্ত্রাসীরা দ্রুত পাইশিখইকে রেখে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে ক্যাম্পে নিয়ে যান, পরে কাপ্তাই উপজেলা হাসপাতালে ভর্তি করেন।
চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হলে পাইশিখই নিজ বাড়ি ফিরে যেতে আগ্রহ প্রকাশ করেন। পরে তাকে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। তিনি খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার সাথোয়াইউ মারমার ছেলে।
পার্বত্যনিউজের খবরে বলা হয়েছে- স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড়ি সন্ত্রাসীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকায় দীর্ঘদিন ধরে পাইশিখই মারমাকে হত্যার হুমকি দিয়ে আসছিল সন্ত্রাসীরা। 
তবে এখনও হামলাকারীদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে জানা গেছে।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজাহান কামাল বলেন,  কেউ অভিযোগ দিলে আমরা আইনি ব্যবস্থা নেব। 
এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।
পাইশিখই মারমা বলেন, “আমি এখনো শারীরিকভাবে দুর্বল। পরিবারের সঙ্গে কথা বলে আমি ও পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করে মামলা করার বিষয়ে সিদ্ধান্ত জানাব।”

-পার্বত্য সময়