রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (১৭ মার্চ) বিকেলে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইফতার মাহফিল আয়োজন নিয়ে শুরু হওয়া এই সংঘর্ষে অন্তত তিনজন আহত হন।
আহতরা হলেন মো. মান্নান (৩০), মো. ওবায়দুল (৪০) ও মো. শুক্কুর (৪০)। তাদের কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, রাইখালী ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ইফতার মাহফিল আয়োজনের জন্য এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সভায় ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাশেম ও উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাসান চৌধুরী ওরফে রক্সির অনুসারী নেতাকর্মীদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়, যা একপর্যায়ে মারামারিতে রূপ নেয়।
কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ বলেন, "ইফতার আয়োজনকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝি থেকে কিছু হাতাহাতির ঘটনা ঘটেছে। বিষয়টি বড় কিছু নয়। আমি ঘটনাস্থলে ছিলাম না, তবে একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে শুনেছি।"
চন্দ্রঘোনা থানার পরিদর্শক (তদন্ত) ইমরুল আহমেদ জানান, “দুই পক্ষের মধ্যে একটি ছোটখাটো ঘটনা ঘটেছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে তারা নিজেদের মধ্যে সমঝোতা করে নেওয়ার কথা বলেছে। আমাদের কাছে এখনো কোনো অভিযোগ আসেনি, আহতের খবরও জানানো হয়নি।”
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. ক্লিনটন বলেন, "সন্ধ্যার দিকে তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে একজনের মাথায় আঘাত লেগেছে।"
ঘটনাটি কেন্দ্র করে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে এসেছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। তবে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
-পার্বত্য সময়


