১৮ বছর আগে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দায়েরকৃত দুদকের মামলায় ২০ বছরের সাজাপ্রাপ্ত বিএনপির খাগড়াছড়ি জেলা সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়াকে খালাস দিয়েছেন হাইকোর্ট।
রোববার (১০ আগস্ট) বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আপিল আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন। আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী, এস এম শাহজাহান, ব্যারিস্টার কায়সার কামাল এবং আইনজীবী মাকসুদ উল্লাহ।
২০০৭ সালের ৩ মার্চ দুর্নীতি দমন কমিশন (দুদক) আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে। একই বছরের ২২ জুলাই চট্টগ্রামের বিশেষ আদালত তিন ধারায় মোট ২০ বছরের কারাদণ্ড দেন। মামলায় মোট ছয় কোটি ৩৬ লাখ ২৯ হাজার ৩৫৪ টাকার সম্পদ অর্জন ও দুদকে সম্পদের তথ্য গোপন করার অভিযোগ ছিল। আদালত অবৈধ সম্পত্তি রাষ্ট্রের নিকট বাজেয়াপ্তের আদেশও দেয়।
এরপর তিনি এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। দীর্ঘ ১৮ বছর পর আপিল শুনানি শেষে আজ রোববার হাইকোর্ট তার আপিল গ্রহণ করে খালাস দেন।
রায়ের পর ব্যারিস্টার কায়সার কামাল সাংবাদিকদের বলেন, “এটি সম্পদের হিসাব বিবরণীর মামলা। ১/১১ সময় বিএনপি নেতাদের বিরুদ্ধে গণহারে মামলা দেওয়া হয়েছিল, যা আইনসিদ্ধ ছিল না। এই রায়ের মাধ্যমে আব্দুল ওয়াদুদ ভূঁইয়া বেকসুর খালাস পেয়েছেন।”
-পার্বত্য সময়


