বান্দরবানে ‘জয়বাংলা’ শ্লোগান দিয়ে একদল দুর্বৃত্ত হামলা চালিয়েছে বিএনপির কার্যালয়ে। বান্দরবান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কালাঘাটা বাজার এলাকায় অবস্থিত বিএনপির স্থানীয় কার্যালয়ে তালা ভেঙে প্রবেশ করে চালানো হয় তাণ্ডব, ভাংচুর।
স্থানীয়রা জানিয়েছেন, সোমবার (৭ এপ্রিল) গভীর রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ওয়ার্ড বিএনপির কার্যালয়ে প্রবেশ করে প্রথমেই ‘জয়বাংলা’ স্লোগান দেয়। এরপর তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্যান্য নেতাদের ছবিগুলো ছিঁড়ে ফেলে ও ভেঙে ফেলে।
তারা অফিসের আসবাবপত্র তছনছ করে ভেঙে ফেলে এবং লুট করে নিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
ঘটনার পরপরই বান্দরবান সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো পর্যন্ত কাউকে আটক বা শনাক্ত করা সম্ভব হয়নি। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আব্দুল করিম জানান, “ঘটনার বিষয়ে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়েছি। তদন্ত চলছে, দোষীদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় বিএনপি নেতারা দাবি করছেন, এই হামলা পূর্বপরিকল্পিত এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তারা বলছেন, ‘জয়বাংলা’ স্লোগান দিয়ে হামলার ঘটনা এটাই প্রমাণ করে যে হামলাকারীরা আওয়ামী লীগের মদদপুষ্ট।
তাদের অভিযোগ, দেশের বিভিন্ন স্থানে বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে বারবার এমন হামলার ঘটনা ঘটানো হচ্ছে, এবং প্রশাসন কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না।

-পার্বত্য সময়