বান্দরবানের রুমা উপজেলায় অংচুং খুমী (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। বুধবার (৬ আগস্ট) রাতে রুমা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেনদুই পাড়া এলাকার একটি রাস্তার পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
নিহত অংচুং খুমী রুমা সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের প্রফুংমক পাড়ার বাসিন্দা। তার পিতার নাম থাংয়াই খুমী (মৃত)।
স্থানীয়রা জানান, সম্প্রতি অংচুং খুমী মেনদুই পাড়ার বাসিন্দা জাদি ম্রো'র কাছে ৩০টি সেগুন গাছ বিক্রি করেন। গাছের পাওনা টাকা আনতে তিনি মঙ্গলবার জাদি ম্রোর বাড়িতে যান এবং সেখানেই রাত কাটান। ধারণা করা হচ্ছে, সেখান থেকে ফেরার পথে দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ রাস্তার পাশে ফেলে রেখে যায়।
বুধবার রাত ১০টার দিকে পাড়াবাসীরা মরদেহটি দেখতে পেয়ে উদ্ধার করে তার নিজ পাড়া প্রফুংমকে নিয়ে যান। পরে বৃহস্পতিবার সকালে ঘটনাটি রুমা থানাকে জানানো হয়।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী বলেন, "ঘটনাস্থলটি বেশ দুর্গম এলাকায়। আমরা খবর পেয়েছি এবং আমি নিজেই ঘটনাস্থলে যাচ্ছি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।"

-পার্বত্য সময়