বান্দরবানের রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের ময়ূরপাড়া এলাকার জঙ্গল থেকে লালরাম সাং বম (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে উদ্ধার করা লাশটি ময়নাতদন্ত শেষে মঙ্গলবার বম সোশ্যাল কাউন্সিলের (বিএমসি) কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ময়ূরপাড়ার উত্তর-পশ্চিম দিকের প্রায় এক কিলোমিটার দূরে জঙ্গলের ভেতর লাশটি পড়ে থাকতে দেখা যায়। দীর্ঘ তিন থেকে চার দিন ধরে সেখানে লাশটি পড়ে ছিল বলে ধারণা করা হচ্ছে। এ সময় লাশে পচন ধরেছে।
স্থানীয় বম জনগোষ্ঠীর লোকজন লাশটি লালরাম সাং বমের বলে শনাক্ত করেন। তার বাড়ি রেমাক্রিপ্রাংসা ইউনিয়নের কেওক্রাডং পাহাড় পেরিয়ে মিয়ানমার সীমান্তসংলগ্ন চুংসংপাড়ায়। চুংসংপাড়া থেকে ময়ূরপাড়ার দূরত্ব প্রায় ৫০ কিলোমিটার।
পরিবার-পরিজনসহ স্থানীয়রা জানান, লালরাম সাং বম ভাড়ায় মোটরসাইকেল চালাতেন এবং কাজের সূত্রে প্রায়ই বিভিন্ন এলাকায় যাতায়াত করতেন।
বান্দরবানের সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী জানান, ময়নাতদন্তে লাশের মাথা ও ঘাড়ে আঘাতের একাধিক চিহ্ন পাওয়া গেছে। এসব আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রুমা থানার ওসি মো. সোহরাওয়ার্দ্দী জানান, স্থানীয়দের খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। শনাক্তের পর চুংসংপাড়ায় নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়, তবে ওই এলাকায় মোবাইল নেটওয়ার্ক না থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে নিয়ম অনুযায়ী ময়নাতদন্ত শেষে লাশটি বম সোশ্যাল কাউন্সিলের নেতাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, কে বা কারা এবং কী কারণে লালরাম সাং বমকে হত্যা করেছে তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


