বান্দরবান পার্বত্য জেলার পুরাতন রাজবাড়ি এলাকায় বোমাং সার্কেল চীফ পরিবারের সদস্যদের মধ্যে ভূমি নিয়ে বিরোধ প্রকাশ্যে এসেছে। এই বিরোধের জের ধরে রাতের অন্ধকারে এক সদস্যের বসতঘরে হামলা, ভাঙচুর এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে বান্দরবান প্রেসক্লাবের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা এসব অভিযোগ তুলে ধরেন। সংবাদ সম্মেলনে বোমাং সার্কেলের ১৩তম চীফ ক্যজসাই চৌধুরীর জ্যেষ্ঠপুত্র চথোয়াই প্রু (সিটিপ্রু) চৌধুরীর তৃতীয় স্ত্রীর দ্বিতীয় সন্তান এবং বর্তমান বোমাং সার্কেল চীফ উচ প্রু’র ছোট ভাই মংসাপ্রু লিখিত বক্তব্য পাঠ করেন।
মংসাপ্রু তার বক্তব্যে জানান, তিনি বোমাং সার্কেল চীফ ক্যজসাই চৌধুরীর জ্যেষ্ঠপুত্রের তৃতীয় স্ত্রীর দ্বিতীয় সন্তান এবং বর্তমান বোমাং সার্কেল চীফ উচ প্রু তার বড় ভাই। তিনি বাংলাদেশ বর্ডার গার্ডের অনারারি উপ-পরিচালক পদ থেকে গত ২৫ জুলাই ২০২৪ সালে অবসর নিয়েছেন।
তিনি আরও বলেন, বান্দরবানে তার নিজস্ব কোনো ঘরবাড়ি না থাকায় বোমাং সার্কেল চীফ পরিবারের উত্তরাধিকারী হিসেবে পরিত্যক্ত জায়গায় বসবাসের জন্য একটি কাঁচা টিন সেডের ঘর নির্মাণের কাজ শুরু করেন। কিন্তু গত ১০ মার্চ দিবাগত রাতে একদল সন্ত্রাসী দা, করাত, লোহার রড ও লাঠি নিয়ে তার নির্মাণাধীন বসতঘরটি ভাঙচুর করে তছনছ করে ফেলে। এই ঘটনার ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
মংসাপ্রু এই হামলার তীব্র নিন্দা জানান এবং দ্রুত বিচার প্রক্রিয়া নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে দাবি জানান।
সংবাদ সম্মেলনে ১৩তম বোমাং সার্কেল চীফ ক্যজসাই চৌধুরীর জ্যেষ্ঠপুত্র চথোয়াই প্রু (সিটিপ্রু) চৌধুরীর পুত্র সাথোয়াই প্রু, কন্যা মানুখয়, পুত্র ক্যথুই প্রু, পুত্র থুইসিং প্রু লুবুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

-পার্বত্য সময়