বান্দরবানের একটি পুরনো ইটভাটা থেকে দুই শ্রমিক নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের লামারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজরা হলেন- আমিরাবাদ সুখছড়ি এলাকার তপন দাশ (৬৫) এবং বান্দরবান সদর উপজেলার বালাঘাটা এলাকার জয় নাথ (৫৫)। তারা দুজনেই স্থানীয় এএইচএন পুরনো ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো বাজার থেকে ফেরার পর তপন দাশ নিজ কক্ষে বিশ্রামে যান। এ সময় জয় নাথও রুমে ছিলেন। দীর্ঘক্ষণ তাদের কোনো সাড়া-শব্দ না পেয়ে সহকর্মীরা খোঁজ নিতে গেলে রুম খালি দেখতে পান।
ইটভাটার কর্মচারী সুনীল দাশ জানান, বাজার থেকে ফিরে তিনি রান্নায় ব্যস্ত হয়ে পড়েন। পরে রুমে খাবার নিয়ে গেলে দুজনকেই নিখোঁজ পান। এ সময় তপন দাশের মোবাইল নম্বরে কল করলে একজন অচেনা ব্যক্তি ফোন রিসিভ করে বলেন, “তারা আশপাশেই আছে, ইটভাটার বিষয়ে আলোচনা চলছে।” কিছুক্ষণ পর থেকেই ফোনটি বন্ধ পাওয়া যায়। ঘটনাস্থলে কয়েকটি পায়ের ছাপও দেখা গেছে বলে জানান তিনি।
স্থানীয়রা বলেন, আমরা স্থানীয়ভাবে অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু তাদের পাওয়া যায়নি। যাওয়ার পথে ঝিড়িতে পায়ের ছাপ পাওয়া গেছে, তবে কারা নিয়ে গেছে তা এখনো নিশ্চিত নয়।
সংবাদমাধ্যম ঢাকা মেইলের খবরে বলা হয়েছে- বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ বলেন, “অপহরণ বা জোরপূর্বক ধরে নিয়ে যাওয়ার বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে শ্রমিক দুজনকে রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না।”
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপ্স) আবদুল করিম জানান, নিখোঁজদের উদ্ধারে পুলিশ অভিযান শুরু করেছে। তবে এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কারা এ ঘটনার সঙ্গে জড়িত।

-পার্বত্য সময়