খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গোমতী ইউনিয়নের শান্তিপুর সীমান্ত দিয়ে আবারও বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার ভোররাতে ভারত থেকে ৮ জনকে বাংলাদেশের ভূখণ্ডে পাঠিয়ে দেওয়া হয় বলে স্থানীয় ও প্রশাসনিক সূত্রে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম জানান, “রাতে পুশ ইন করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তাদের মধ্যে নারী, পুরুষ ও শিশুও রয়েছে। তারা ভারতে শ্রমিক হিসেবে কাজ করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।”
তিনি জানান, বর্তমানে তারা মাটিরাঙ্গার বেলছড়ি উচ্চ বিদ্যালয়ে আশ্রয়ে রয়েছে।
তবে স্থানীয় একাধিক সূত্র বলছে, পুশ ইন হওয়া ব্যক্তির সংখ্যা ৮ এবং তারা বিজিবির কৃষ্ণ দয়াল বিওপি’র আওতাধীন ডিবিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করছে।
নিয়মবহির্ভূতভাবে একের পর এক পুশ ইন ঘটনায় স্থানীয় প্রশাসন ও মানবাধিকার সংগঠনের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সীমান্ত এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং এসব নাগরিকের আশ্রয়, নিরাপত্তা ও পরিচয় যাচাই নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজ করছে।
সীমান্ত বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের পুশ ইন কার্যক্রম আন্তর্জাতিক মানবাধিকার ও দ্বিপক্ষীয় চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। এ বিষয়ে দ্রুত কূটনৈতিক তৎপরতার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট মহল।


