ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে আরও ১৩ বাংলাদেশিকে পুশ-ইন করেছে। বৃহস্পতিবার (১৯ জুন) ভোরে মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের তানাক্কাপাড়া সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করানো হয়।
বর্তমানে পুশ-ইন হওয়া ব্যক্তিরা স্থানীয় বিজিবি ক্যাম্পের তত্ত্বাবধানে একটি প্রাথমিক বিদ্যালয়ে অস্থায়ীভাবে অবস্থান করছেন। প্রাথমিক তথ্যে জানা গেছে, পুশ-ইন হওয়া ১৩ জনের মধ্যে ১২ জন নড়াইল এবং একজন যশোর জেলার বাসিন্দা।
তবলছড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ওসমান আলী জানান, এদের অধিকাংশই দীর্ঘদিন ধরে ভারতের মহারাষ্ট্র রাজ্যে ইটভাটা ও নির্মাণশ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। কেউ ২০ বছর, কেউবা ৯ বছর আগে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়েছিলেন।
স্থানীয় প্রশাসন ও বিজিবি সূত্রে জানা গেছে, চলতি বছরের ৭ মে থেকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও পানছড়ির তিনটি সীমান্ত পয়েন্ট দিয়ে এ পর্যন্ত ১৪৫ বাংলাদেশিকে পুশ-ইন করেছে বিএসএফ। এর মধ্যে নতুন পুশ-ইন হওয়া ১৩ জন ছাড়া বাকিদের অভিভাবক বা আত্মীয়স্বজনদের মাধ্যমে নিজ নিজ জেলায় ফেরত পাঠানো হয়েছে।

-পার্বত্য সময়