খাগড়াছড়ির রামগড় উপজেলার বড়ইতলা ফেনীরকূল সীমান্ত এলাকা দিয়ে পাঁচজন বাংলাদেশি নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (২২ মে) ভোর ৬টা ৩০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।
রামগড় সীমান্তে দায়িত্বরত ৪৩ বিজিবি ব্যাটালিয়নের অধীন মহামুনি বিওপি সূত্রে জানা গেছে, ভারতের ১১৪ বগাফা ব্যাটালিয়নের ছোট খিল বিএসএফ ক্যাম্পের একটি টহল দল এসব বাংলাদেশিকে সীমান্ত অতিক্রম করিয়ে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করায়।
পুশ-ইন হওয়া পাঁচ বাংলাদেশি নাগরিক হলেন- মোঃ উম্মেদ আলী (৪২), পিতা: মৃত জামাল উদ্দিন, উম্মেদ আলীর স্ত্রী মোসাম্মৎ সেলিনা বেগম (৩৫), মেয়ে মোছাঃ রুমি খাতুন (১৫), মোছাঃ রুম্পা খাতুন (১২),  মোছাঃ সুমাইয়া খাতুন (৮)। তারা সবাই কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম সদর উপজেলার চর সুপার কুটি গ্রামের বাসিন্দা।
বিজিবি জানায়, পুশ-ইন করার পর রামগড় উপজেলার সোনাইপুল এলাকার স্থানীয় লোকজন ওই পাঁচজনকে আটক করে মহামুনি বিওপি ক্যাম্পে হস্তান্তর করে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
বিজিবির একজন কর্মকর্তা জানান, ঘটনার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
পুশ-ইনের এ ধরনের ঘটনা আন্তর্জাতিক সীমান্ত বিধির লঙ্ঘন হিসেবে গণ্য হয়। সংশ্লিষ্ট মহল থেকে বলা হচ্ছে, এই ধরণের আচরণ প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্কে বিঘ্ন ঘটাতে পারে।

-পার্বত্য সময়