বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা আজ (১১ মে)। এ উপলক্ষে বান্দরবানের প্রতিটি বৌদ্ধবিহারে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা—প্রার্থনা, ছোয়াইং দান, মোমবাতি প্রজ্বালন, জল সিঞ্চন, ধর্মদেশনা ইত্যাদির মধ্য দিয়ে দিনটি উদযাপন করছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।
বুদ্ধপূর্ণিমা বৌদ্ধ ধর্মালম্বীদের জন্য একটি ত্রিস্মৃতি বিজড়িত দিন। কারণ এই দিনেই গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ এবং মহাপরিনির্বাণ লাভ হয়েছিল বলে বিশ্বাস করা হয়। বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হওয়ায় এই উৎসবকে অনেকেই বৈশাখী পূর্ণিমা নামেও ডাকেন।
রবিবার সকাল থেকে বান্দরবান জেলা শহরের বিভিন্ন বিহারে বিহারে নারী-পুরুষ, যুবক-যুবতী, শিশু-বৃদ্ধসহ বৌদ্ধ ধর্মাবলম্বীরা অংশ নেন ধর্মীয় কর্মকাণ্ডে। দিনের শুরুতেই বান্দরবান কেন্দ্রীয় বৌদ্ধবিহার থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে বিহারে বিহারে অনুষ্ঠিত হয় পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ, ধর্মীয় দেশনা, মোমবাতি প্রজ্বালন, ছোয়াইং দান এবং বোধিবৃক্ষের তলদেশে জল সিঞ্চনসহ নানা পূজাঅর্চনা।
বান্দরবান রাজগুরু বৌদ্ধবিহারের নদশ্রী ভিক্ষু বলেন, “বুদ্ধপূর্ণিমা বৌদ্ধদের জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এই দিনে গৌতম বুদ্ধের জন্ম, জ্ঞানপ্রাপ্তি এবং পরিনির্বাণের ঘটনা সংঘটিত হয়েছিল বলে আমরা গভীর শ্রদ্ধা ও ধর্মীয় আচারানুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করি।”
এছাড়াও জেলা প্রশাসন ও বৌদ্ধ ধর্মীয় সংগঠনগুলো দিনটিকে ঘিরে নানা ধর্মীয় ও সামাজিক কর্মসূচির আয়োজন করেছে।

-পার্বত্য সময়