বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বৌদ্ধ সম্প্রদায়ের মহাপিণ্ড দান উৎসব সম্পন্ন হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সকালে বান্দরবান রাজগুরু বৌদ্ধবিহার থেকে প্রায় তিন শতাধিক ভিক্ষুর অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। পরে তারা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পিণ্ড গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কেএস মং। তিনি ভিক্ষুদের হাতে পিণ্ড প্রদান করেন এবং শান্তি, কল্যাণ ও দেশের সমৃদ্ধি কামনা করেন।

উৎসব উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীরা নগদ অর্থ, চাল, ফল, মিষ্টি, মোম, আগরবাতিসহ নানা উপকরণ ভিক্ষুদের দান করেন। পুণ্য অর্জনের আশায় নারী-পুরুষ, শিশু-কিশোরসহ শত শত মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভিক্ষুদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। উৎসব উপভোগ করতে বৌদ্ধ সম্প্রদায়ের পাশাপাশি পর্যটক ও দর্শনার্থীরাও ভিড় করেন।

কঠিন চীবর দান উৎসবের পর বৌদ্ধ ভিক্ষুদের সম্মানে পিণ্ড দান করা হয়। আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাস বর্ষাবাস পালন শেষে এই ঐতিহ্যবাহী আয়োজন অনুষ্ঠিত হয়। প্রচলিত মতে, গৌতম বুদ্ধের খালি পায়ে ধ্যান ও দানগ্রহণের ঐতিহ্যের ধারাবাহিকতায় এ অনুষ্ঠান যুগ যুগ ধরে পালন করা হচ্ছে।

চীবর প্রস্তুত প্রক্রিয়ায় তুলা থেকে সুতা তৈরি, রং করা ও কাপড় বোনা- সবই ২৪ ঘণ্টার মধ্যে সম্পন্ন হয়। পরদিন সেই চীবর ভিক্ষুদের দান করা হয়, যা বৌদ্ধ ধর্মীয় আচার ও ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।

দিনব্যাপী এই ধর্মীয় অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্থান থেকে আগত বৌদ্ধ ধর্মাবলম্বীরা অংশ নেন।