বান্দরবানের চিম্বুক সড়কে সিএনজিচালিত অটোরিক্সা উল্টে মো. সাগর (২৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। বুধবার (তারিখ) বিকেলে জেলার বারো মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া এলাকার বাসিন্দা মো. সাগরসহ তিনজন কাঁচামাল ব্যবসায়ী পাহাড়ে উৎপাদিত পেঁপে কিনতে একটি সিএনজিচালিত অটোরিক্সাতে করে চিম্বুকের দিকে যাচ্ছিলেন। পথে বারো মাইল এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই সাগরের মৃত্যু হয়। আহত অপর ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ পারভেজ বিষয়টি নিশ্চিত করে বলেন, চিম্বুক সড়কে সিএনজি টেক্সি উল্টে গিয়ে এক ব্যবসায়ী নিহত হয়েছেন এবং একজন আহত হয়েছেন। ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


