কক্সবাজারের উখিয়ায় অপহরণের চারদিন পর সৈয়দ নুর (৪২) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক রোহিঙ্গাসহ দু’জনকে আটক করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) বিকেলে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের আজুখাইয়া এলাকার একটি গভীর জঙ্গল থেকে পুলিশ, বিজিবি ও স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত সৈয়দ নুর উখিয়ার রাজাপালং ইউনিয়নের দরগাহবিল বাগানপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে। তিনি স্থানীয়ভাবে ব্যবসা করতেন। তার স্ত্রী ও তিন সন্তান রয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটক দুই ব্যক্তি হলেন নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ ইসমাইল এবং বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা রহমত উল্লাহ।
এর আগে গত ১৭ জুলাই একদল অজ্ঞাত পরিচয়ের অপহরণকারী সৈয়দ নুরকে তুলে নিয়ে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। পরিবার বিকাশের মাধ্যমে ৫০ হাজার টাকা পরিশোধ করলেও তাকে জীবিত ফেরত দেয়নি অপহরণকারীরা।
নিহতের স্ত্রী জোবেদা খাতুন ১৮ জুলাই ঘুমধুম পুলিশ ফাঁড়িতে একটি অপহরণ মামলা দায়ের করেন।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাশরুরুল হক জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহে নির্যাতনের স্পষ্ট চিহ্ন ছিল। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। ইতোমধ্যে দু’জনকে আটক করা হয়েছে।

-পার্বত্য সময়