কিছু বিপথগামী তরুণের কর্মকাণ্ডের কারণে বম জনগোষ্ঠী সাম্প্রতিক সময়ে নানা সংকটে পড়েছে বলে মন্তব্য করেছেন বম সোশ্যাল কাউন্সিলের (বিএসসি) সভাপতি লালজার লম বম। তিনি বলেন, ভবিষ্যতে বম সম্প্রদায়ের কোনো পরিবারকে আর উচ্ছেদের শিকার হতে দেওয়া যাবে না।
শনিবার (১২ মার্চ) জেলা শহরতলির হেব্রনপাড়া প্রতিষ্ঠার ৪০তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। লালজার লম বম বর্তমানে বান্দরবান জেলা পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সভায় সাম্প্রতিক বছরগুলোতে বম সম্প্রদায়ের উচ্ছেদ, গ্রেপ্তারসহ বিভিন্ন সংকটের বিষয় উঠে আসে। এতে প্রধান অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই। সভায় সভাপতিত্ব করেন পাড়ার কারবারি লাল লিয়ানজল বম। অন্যদের মধ্যে বক্তব্য দেন রেভারেন্ড জার্মান সাইলুক, সাংমুয়ান বম, পাকসিম বম ও কে রেমা পাংখোয়া।
হেব্রনপাড়া ব্যবস্থাপনা কমিটির সভাপতি লালরিং সাং বম পাড়াটির প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে বলেন, ১৯৮০ সালে আঞ্চলিক অস্থিরতার কারণে রোয়াংছড়ি উপজেলার চোয়াবিলপাড়া ও উইপোমপাড়া থেকে মাত্র দুই দিনের নোটিশে ৬৪টি পরিবার উচ্ছেদ হয়। পরবর্তী সময়ে নানা দুর্ভোগ পেরিয়ে ১৯৮৬ সালে তারা হেব্রনপাড়ায় বসতি গড়ে তোলে। শুরুতে জ্বালানি কাঠ বিক্রি ও দিনমজুরির মাধ্যমে জীবিকা নির্বাহ করলেও বর্তমানে অধিকাংশ পরিবার স্বাবলম্বী হয়েছে।
তিনি আরও জানান, পাড়ার তরুণ-তরুণীদের প্রায় ৬০ শতাংশ উচ্চশিক্ষিত এবং প্রায় ১৪ শতাংশ পরিবারে সরকারি ও বেসরকারি চাকরিজীবী রয়েছেন।
লালজার লম বম বলেন, ২০২২ সাল থেকে কিছু বিপথগামী যুবকের কারণে বম সমাজ গুরুতর সংকটে পড়েছে। অতীতে অনেকেই সত্য গোপন করে তাদের প্রশ্রয় দিয়েছে। তবে এখন বাস্তবতার মুখোমুখি হয়ে সত্যকে সামনে রেখে কাজ করার সময় এসেছে। তিনি জানান, বম সোশ্যাল কাউন্সিল প্রত্যেক পাড়ায় গিয়ে কাজ করবে এবং ভবিষ্যতে কোনো বম পরিবারকে উচ্ছেদের মুখে পড়তে দেওয়া হবে না।


