রাঙামাটির নানিয়ারচরে সেনাবাহিনীর ক্যাপ্টেন নুরুল আলম গাজী হত্যা মামলার ১৮ বছর পর অবশেষে প্রধান আসামি নিখিল নাথ (৫৮) গ্রেফতার হয়েছেন। আলোচিত এ মামলায় পাহাড়ের আঞ্চলিক সংগঠন প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ৯ জনকে আসামি করা হয়েছিল। তবে দীর্ঘ দেড় যুগ পর এটি প্রথম গ্রেফতার।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে রাঙামাটির নানিয়ারচর হাসপাতালপাড়া এলাকা থেকে নিখিল নাথকে গ্রেফতার করে নানিয়ারচর থানা পুলিশ। অভিযানটি পরিচালনা করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজির আলম।
২০০৬ সালের ২৭ ডিসেম্বর সন্ধ্যায় নানিয়ারচরের ঘিলাছড়ি ইউনিয়নের মাইসছড়ি এলাকায় সেনাবাহিনীর টহল দলের ওপর সশস্ত্র হামলা চালায় পাহাড়ি অস্ত্রধারীরা। এতে সেনাবাহিনীর ক্যাপ্টেন নুরুল আলম গাজী গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
এ ঘটনায় ২৪ বেঙ্গল রেজিমেন্টের নানিয়ারচর জোনের সার্জেন্ট মো. শহীদুল ইসলাম বাদী হয়ে ৯ জনকে আসামি করে নানিয়ারচর থানায় হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের পর থেকেই মামলার এক নম্বর আসামি নিখিল নাথ আত্মগোপনে চলে যান, ফলে এতদিন তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
নানিয়ারচর থানার ওসি মোহাম্মদ নাজির আলম বলেন, "গ্রেফতার হওয়া নিখিল নাথ সেনা কর্মকর্তা ক্যাপ্টেন নুরুল আলম গাজী হত্যা মামলার প্রধান আসামি। আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। দীর্ঘ ১৮ বছর পর অবশেষে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।"
এ মামলায় অভিযুক্ত অন্য আসামিদেরও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ওসি।
তবে সেনা ক্যাপ্টেন গাজী হত্যাকাণ্ডের বিষয়ে ইউপিডিএফের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
-পার্বত্য সময়

