রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নে পাহাড় কেটে প্লট তৈরি করে জমি বিক্রির অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (২৬ আগস্ট) রাঙামাটি জেলা কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
আসামিরা হলেন- মাইনীমুখ ইউনিয়নের সোনাই গ্রামের দুলাল (৫০), মো. ইউসুপ আলী (৪২), মো. আমিরুল ইসলাম (৬৫), মো. ইব্রাহিম (৪৫), মো. ছগির (৪০) এবং লংগদু ইউনিয়নের বাইট্টাপাড়া গ্রামের মো. মোস্তফা কামাল (৬৫)।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসামিরা কোনো অনুমোদন বা পরিবেশগত ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে পাহাড় কেটে প্লট বানিয়ে জমি বিক্রি করে আসছিলেন। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের নিষেধাজ্ঞা অমান্য করে তারা অব্যাহতভাবে পাহাড় কর্তন চালিয়ে গেছেন। এতে জীববৈচিত্র্য ধ্বংস, প্রাকৃতিক ভারসাম্য বিঘ্ন, ফসল ও বৃক্ষরাজির ক্ষতি, টপসয়েল নষ্টসহ খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, আসামিরা বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর বিভিন্ন ধারা লঙ্ঘন করেছেন। ধারা ১৫(১) অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
রাঙামাটি কার্যালয়ের সহকারী পরিচালক মো. মুমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, পাহাড় কর্তন ও পরিবেশ ধ্বংসে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরিবেশ সংরক্ষণে আমাদের অভিযান চলমান থাকবে।
-পার্বত্য সময়


