রাঙামাটির কাউখালীতে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের ঘাগড়া বটতলী এলাকা থেকে ভারত থেকে অবৈধভাবে আনা ১১টি গরু উদ্ধার করেছে পুলিশ। এ সময় গরু পাচারের সঙ্গে জড়িত সন্দেহে দুই যুবককে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সাতঘড়িয়া পাড়ার বাছা মিয়ার ছেলে মো. সাবিক ওরফে বাবু (২৪) এবং একই উপজেলার হালিমপুর গাজী বাড়ি এলাকার শামীম (২৮)।
কাউখালী থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার মধ্যরাতে মহাসড়কের ঘাগড়া বটতলী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি ট্রাক থেকে ১১টি ভারতীয় গরু উদ্ধার করা হয় এবং গরুর মালিক দাবি করা দুই ব্যক্তিকে আটক করা হয়।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সোহাগ জানান, “উদ্ধার হওয়া গরুগুলো প্রথমে রাঙামাটির জুরাছড়ি উপজেলা থেকে সদর হয়ে ট্রাকে করে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রানীরহাট বাজারে নেওয়া হচ্ছিল। পথিমধ্যে আমরা গরুগুলো উদ্ধার করি এবং পাচারের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে দুইজনকে আটক করি।”
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং গরুগুলোর কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। তাদের বিরুদ্ধে মৎস্য ও প্রাণিসম্পদ আইন এবং সীমান্ত নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাহাড়ি পথে দীর্ঘদিন ধরে ভারতীয় গরু পাচারের একটি চক্র সক্রিয় রয়েছে। এই অভিযানকে ঘিরে চক্রের অন্যান্য সদস্যদের চিহ্নিত করে গ্রেপ্তারে তৎপর রয়েছে পুলিশ।
উদ্ধারকৃত গরুগুলো বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।
-পার্বত্য সময়


