পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
রোববার (২ ফেব্রুয়ারি) রাঙামাটিতে বোর্ডের প্রধান কার্যালয়ে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা। এরপর বোর্ডের কর্ণফুলী সম্মেলন কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বোর্ডের সার্বিক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন উপ-পরিচালক মংছেনলাইন রাখাইন। এ সময় বোর্ডের ভাইস-চেয়ারম্যান রিপন চাকমা চলমান প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। নবনিযুক্ত চেয়ারম্যান অনুপ কুমার চাকমা সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তার দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে ভূমিকা রাখবেন। তিনি বোর্ডের উন্নয়ন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা ১৯৫৫ সালে রাঙামাটিতে জন্মগ্রহণ করেন এবং ১৯৭৭ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশনপ্রাপ্ত হন। তিনি ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বে পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
সভায় সদস্য (অর্থ) জসীম উদ্দিন (উপসচিব), সদস্য (বাস্তবায়ন) জাহিদ ইকবাল (উপসচিব), সদস্য সচিব ও সদস্য (প্রশাসন) সুজন চৌধুরী (উপসচিব), উপ-পরিচালক মংছেনলাইন রাখাইন, হিসাব রক্ষণ কর্মকর্তা কল্যাণময় চাকমা, নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমাসহ বোর্ডের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
-পার্বত্য সময়

