কর্ণফুলী নদীতে স্রোত কিছুটা কমে আসায় চারদিন বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে চন্দ্রঘোণা–রাইখালী ফেরি চলাচল। সোমবার (১১ আগস্ট) সকাল ৭টা থেকে ফেরি স্বাভাবিকভাবে চলতে শুরু করলে স্বস্তি ফিরে আসে যাত্রী ও পরিবহন চালকদের মধ্যে।
সকালেই রাঙামাটি থেকে রাজস্থলী ও বান্দরবানগামী যাত্রীবাহী বাস ছেড়ে যায়।
এর আগে, কাপ্তাই বাঁধের গেট খুলে দেওয়ার পর কর্ণফুলী নদীতে প্রবল স্রোত সৃষ্টি হওয়ায় গত বৃহস্পতিবার (৭ আগস্ট) থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ ছিল।
রাঙামাটি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা বলেন, “নদীতে স্রোত কিছুটা কমে আসায় আজ সকাল ৭টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।”
ফেরির ইনচার্জ মো. আরমান ও চালক মো. আমিন জানান, “চারদিন ফেরি চলাচল বন্ধ ছিল। এর মধ্যে দুই-একবার ফেরি চালানোর চেষ্টা করা হলেও প্রবল স্রোতের কারণে সম্ভব হয়নি। আজ সকাল থেকে আবারও ফেরি চলছে, আর দুই পাশে প্রচুর গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে।”
-পার্বত্য সময়


