চলমান বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। স্থগিতাদেশের আওতায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম এবং কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষাও রয়েছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাভুক্ত জেলাগুলো হলো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান।
এর আগে, একই কারণে গত বুধবার ও শনিবার অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছিল।
গত কয়েক দিনের টানা অতি ভারী বর্ষণে চট্টগ্রাম, কক্সবাজার এবং পার্বত্য চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধতা ও বন্যার কবলে পড়েছে। মৌসুমি বায়ুর প্রভাবে সৃষ্ট এই দুর্যোগে দেশের বিভিন্ন স্থানে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগে জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।


