‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে রাঙামাটিতে নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) গভীর রাতে শহরের রিজার্ভ বাজার এলাকা থেকে রাঙামাটি সদর উপজেলা শাখার নিষিদ্ধ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা হামিদকে গ্রেপ্তার করা হয়।
রাঙামাটি কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতের অভিযানে মাসুদ রানা হামিদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া প্রবর্তনের কাজ চলছে।
তিনি আরও জানান, অভিযানে অংশ নেয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় এই অভিযান পরিচালনা করে।
পুলিশের দাবি, মাসুদ রানা হামিদ সম্প্রতি রাঙামাটি শহরে নিষিদ্ধ সংগঠনের হয়ে নানামুখী তৎপরতায় জড়িত ছিলেন। এছাড়া তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও উসকানিমূলক তথ্য প্রচার করে জনমনে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি করছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি রাঙামাটি জেলায় সন্ত্রাস, উগ্রবাদ ও অবৈধ সংগঠনের তৎপরতা দমনে পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হচ্ছে।

