রাঙামাটির উপকণ্ঠে মুনতলা এলাকায় তিন বছরের এক পাহাড়ি শিশুর ওপর যৌন নির্যাতনের ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। অভিযুক্ত শিশুটির আপন দাদা সুবাস কুমার চাকমাকে (৬০) স্থানীয়দের সহায়তায় গ্রেপ্তার হয়েছে।
বুধবার রাতেই নির্যাতনের শিকার শিশুটিকে দেখতে রাঙামাটি জেনারেল হাসপাতালে ছুটে যান জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। তিনি শিশুটির চিকিৎসা সম্পর্কে খোঁজখবর নেন এবং তার পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন।
"শিশুটির চিকিৎসা নিশ্চিতে চিকিৎসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে," বলেন জেলা প্রশাসক।
রাঙামাটি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফুয়াদ হাসান জানান, "শিশুটির শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। আমরা আশাবাদী, সে দ্রুত সুস্থ হয়ে উঠবে।"
স্থানীয়দের সহযোগিতায় কোতয়ালী থানা পুলিশ অভিযুক্ত সুবাস কুমার চাকমাকে গ্রেপ্তার করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছে।
এ ঘটনায় স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্থানীয়রা।

-পার্বত্য সময়