বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের পাগলীর আগা সড়কের পাশের ঝোপ থেকে নিখোঁজের চার দিন পর এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে গ্রামের পাশের পাগলা ঝিড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শিশুর নাম আশরাফুল ইসলাম (১৬ মাস)। আশরাফুল ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের পাগলীর আগা পাড়া গ্রামের মোহাম্মদ ইলিয়াসের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত রোববার দুপুরে খেলার সময় হঠাৎ নিখোঁজ হয়ে যায় আশরাফুল। পরিবার ও গ্রামবাসীরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও কোনো সন্ধান মেলেনি। বুধবার বিকেলে কয়েকজন গ্রামবাসী ঝিরিতে মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেন। পরে পিতা মোহাম্মদ ইলিয়াস গিয়ে শিশুর মরদেহ শনাক্ত করেন।
ফাঁসিয়াখালী কুমারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মোহাম্মদ জামিল বলেন, স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি।
-পার্বত্য সময়


