বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে রাসেল বড়ুয়া (২৬) নামে এক ট্রাকচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১২ অক্টোবর) রাতে পার্শ্ববর্তী কক্সবাজার জেলার রামু উপজেলার রশিদনগর থেকে স্থানীয়দের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে একই দিন সকালে নাইক্ষ্যংছড়িতে এই ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ। ভুক্তভোগী শিশুটি বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় রোববার রাতেই শিশুটির পরিবার নাইক্ষ্যংছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত রাসেল বড়ুয়া রোববার সকালে শিশুটিকে ফুসলিয়ে তার ট্রাকে তুলে নেয়। পরে কাছের একটি জঙ্গলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। ঘটনাটি স্থানীয়দের নজরে এলে তারা শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। তবে এর আগেই রাসেল বড়ুয়া ঘটনাস্থল থেকে পালিয়ে কক্সবাজারের রামুতে আশ্রয় নেয়।

এদিকে, অভিযুক্তের ছবিসহ ঘটনার বিবরণ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রামুর ধলিরছড়া এলাকার বাসিন্দারা তাকে শনাক্ত করে আটক করে এবং পরে পুলিশের কাছে হস্তান্তর করে।

স্থানীয়রা জানান, শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে কক্সবাজারের একটি হাসপাতালে নেওয়া হয়।

থানা সূত্রে জানা গেছে, রাসেল বড়ুয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। তাকে আদালতে হাজির করার জন্য বান্দরবানে নেওয়া হবে।