রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে দেয়াল ধসে মো. জুনাইদ (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) ভোরে ইউনিয়নের ম্রংদ্রং পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুনাইদ রাজস্থলীর বাসিন্দা মো. জাহাঙ্গীর আলমের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি নানার বাড়িতে অবস্থানকালে দেয়াল ধসে আহত হয়। পরে তার মৃত্যু হয়।
বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা ঘটনাটি নিশ্চিত করে বলেন, “দেয়াল ধসে আহত হয়ে শিশুটির মৃত্যুর খবর পেয়েছি। ইতিমধ্যে তার দাফন সম্পন্ন হয়েছে।”
চন্দ্রঘোনা থানার ওসি মোহাম্মদ শাহজাহান কামাল জানান, নিহত শিশুটি নানার বাড়িতে থাকতো। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


